নীলিম আকাশে আছে যত নীল
কষ্ট হয়ে আছড়ে পড়ছে চরাচরের বুকে
নীলে নীলে সয়লাব- নীল অভ্র, নীল অর্ণব
কষ্টের পাবন, জলোচ্ছ্বাস, নিচ্ছে ভাসিয়ে সব।
এই নীল বেদনার ভূজঙ্গ দংশিত নীলকণ্ঠ নীল
বহন করছে যা জর্জরিত ভব,
পুষ্প পলবের রেণু পরাগেও বাসা বেঁধেছে যা
সুপ্ত এক মুঠো ক্ষোভ ।
ধরণী ধারণ করছে যত নিপীড়নের ধকল
ধারণ করছে যত প্রতিবাদীর পবিত্র শব
মৃত্তিকার প্রতিটি কণার সাথে মিশে ওরা
করছে বিক্ষুব্ধ বিক্ষোভ,
দেখতে হুবহু যা এক মুঠো ক্ষোভের অবয়ব।