আমার বুঝতে কিছু বাকি নেই আর
ডিমের মধ্যে থাকে কতটুকু বিনম্র কুসুম
কতটুকু ধবধবে পেলব আস্তর
ইহাদের কতটুকু ভর।
ফুটফুটে বাচ্চা হয় কোন কোন ভ্রূণে
কোন জল কতটুকু ঘোলা
কতটুকু ভূমিকম্প হলে হৃৎপিণ্ড কাঁপে
মুছে ফেলা যায় কতটুকু পরকীয়া দাগ
স্ত্রীর চোখের আড়ালে ধীরে ধীরে ধাপে ধাপে।
বাতাসের কতটুকু গতি ছিঁড়ে ফেলে খোপা
বুক থেকে খুলে ফেলে বিনম্র বসন
কতটুকু কালি পড়ে চোখে
মুছে গেলে কয়টা নিদ্রা আর তার সুতীব্র দহন।
কয়টা মাছির ঠোঁট চুষে নেয় ঘ্রাণ
কয়টা মানুষ পোষে কয়টা রাখাল
ঘর নেই বর নেই এরকম কয়টা কুমারী
রোজ রাতে বিক্রি হয় হাটে উথাল পাথাল।
মরা ঘাটে ডুব দেয় কয়টা শকুন
কালোরাতে সিঁথি থেকে গুম হয় কয়টা উকুন
তার মধ্যে ভিড় করে কতগুলো খুন
কতগুলো লাশ ভাসে, কুরে খায় ঘুণ।