ভেবেছিলাম বড় হলে –
রিক্সাওয়ালাদের তুই বলে ডাকবো
ভাড়া ঠিক না করে চড়ে বসবো;
অনেক বড়রা যেমন করে..
গন্তব্য বলে না।
চলতে চলতে বলে, ডানে যা; বায়ে যা
খুব ইচ্ছে হত অমন করে আমিও একদিন বলবো।
পৌঁছে ভাড়া দিয়ে গটগট করে হেঁটে যাব..
নায্যতায় খুশী হলো নাকি বিহ্বল তাকিয়ে রইলো..
তার ঘাম আর ঘন নিঃশ্বাসের তোয়াক্কা না করে।
ভাববো বড় হয়ে গেছি।
নাদের আলীকে বললাম…
সনাতন পাঠক তো কত্ত বড় হয়ে গেল
কথা কেন রাখোনি!
মাঝি গো, আমার বড় হওয়া কত বাকি?
‘কোনদিনও হবে না, তোমাকে আমি বিড়ি
ভাগ করে খেতে দেখেছি ঐ রিক্সাওয়ালার সাথে’।