শরৎ এলে হাওয়ায় দোলে
সবুজ ক্ষেতের ধান
ভর দুপুরে গাছের ডালে
টুনটুনিদের গান।
গাঁয়ের বধূ কলসি কাঁখে
শাপলা ফোটা পুকুর
ঝুম ঝুমা ঝুম শব্দ করে
খুকুর পায়ের নূপুর।
গাছ-গাছালি পাখ-পাখালি
সবুজ বাড়ি ঘর
বকের সারি যায় উড়ে যায়
হিজল তলীর চর।
শিশির ঝরা ঘাসের ডগা
উজান তলীর গাঁও
ছমির মাঝি বৈঠা টানে
রঙিন পালের নাও।
মিষ্টি বাতাস ছড়িয়ে বেড়ায়
ধানের সুবাস কতো
সাঁঝের বেলায় চাঁদের হাসি
শরৎ রাণীর মতো।