সন্দেহ নেই সেই লাঠি ছিল পয়গম্বর মুসার আর ন্যায়ের
আর তা’ সাগর ভাগ করেছিল
মাছেরা চেয়ে চেয়ে দেখছিল মানুষের পারাপার
সন্দেহ নেই রাতের আকাশে চাঁদ ছিল আর তকতকে ঝকঝকে পথ ভেঙে
অনুসারীরা পার হয়েছিল নিরাপদ ভূমির দিকে
আর সেসব কবে কিংবদন্তি হয়ে গেছে
সন্দেহ নেই সেসব ছিলো সেই সব দিন যখন ঈশ্বর আর মানুষ
মানুষের মঙ্গলামঙ্গল নিয়ে ভাবতেন এবং তার প্রতিনিধিরা
আর আইনকানুন এবং নিয়মগুলোয় অতিরিক্ত বাড়াবাড়ি ছিল না এবং
তারা হেঁটে যেতে পারছিল ফেরাউনের আগে
এখন ঈশ্বর আর মানুষ দুইমুখী আর সমুদ্র পথ ছাড়ে না
আর পাহাড়গুলো দাঁড়িয়ে পড়ে বিপুল ওজনে-
সন্দেহ নেই বাড়াবাড়ির মধ্যে কোনো কল্যাণ নেই
যদিও তা কল্যাণের নামে মাথা দোলায় এবং বাঘ ধরার জাল বোনে
আর বিভক্তি রেখা কর্তন করে নিজগুণ গায়
সন্দেহ নেই সকল যুগে নিপীড়িতরা আশা করেছে মুক্তির
কিন্তু বিধানগুলো হয়েছে কাঁটা মুসার লাঠি হয়নি
সন্দেহ নেই
মুসার লাঠি আর নেই ন্যায় ফুরিয়েছে
কোনো পয়গম্বর আর আসবেন না বিধানের লাঠি নিয়ে
ওহে ভূমিপুত্ররা চলো সমুদ্র পার হই বিশ্বাসটাই বড় কথা।