অনেক বছর ধরে, কী এক মৌন ব্যাকুলতায় যে ঋতুর কাছাকাছি হেঁটেছিলাম আমরা, সেই ঋতুবৃক্ষ ঘিরে প্রণয়মুগ্ধ একটি জীবনের উদগীরণ লক্ষ করো আজ; লক্ষ করো- সহাস্য ঠোঁটের বাচনভঙ্গিমা তার; নতমুখ, অথচ প্রাতিস্বিক সময়ের আবরণ ও আভরণে কোনও এক রাজকুমারের প্রতীক্ষা দীর্ঘতর! আমরা যখন ইতিহাসের ভেতর দিয়ে ভ্রমণ করি, তখন একমাত্র শঙ্খনাদই জেগে ওঠে সম্পর্কের মাস্তুলে- শুনতে পাও?
সুহাসিনী, দেখো- চাঁদভাঙা রাত, আমাকে ভাসিয়ে হেঁটে যাচ্ছে একা, দীর্ঘ প্রকরণে!