কেউ দেবতা, আর কারো দেবী হওয়ার খায়েশ
আছে বলেই তো লক্ষীন্দরা সয়ে যায় বিষের সোহাগ!
আর বেহুলারা যায়, ভাসানে বার বার
আপাত অলস, দেবতারা মঞ্চে বসে দেখে যায়- শুধু
অভাবের টোটেম
কিভাবে নাচের মুদ্রা হয়ে কেঁদে যায়- ঘুঙঘুর।
শুনেছি তুমি এখন, আঁধার বিকোতে যাও
দূরের নগরে-নগরে
কাল-সাপেরা পেঁচিয়ে ধরে তোমার শরীর-
আঁধারের মতো
আর আমার ঝিনুক নদীর ধীবর জীবন বেয়ে
উঠে আসে সু-তীব্র দাদনের ফলা।
তবু আজও বর্গাচাষী ক্ষেত্রকরের
ফসলের দাম-
মহাজনের জলের থেকে কম-
ঘামের থেকে লবণ দামি- কাঁকরের লাল মাঠে
যে ধান, ছড়ায় সুবাস- সেখানেও দ্বিচক্রযানে
ইঁদুর আসে-
গ্রামের আলপথ বেয়ে-
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং