হৃদয়ের পঙক্তিগুলো নতুন করে সাজাই
যত না পাওয়া বেদনাময় স্বপ্নগুলো
এসো আজ ভাঙচুর করি
আমার যত কবিতা
আমার যত গান সব তোমার জন্য।
বুকের ভেতরে চলছে বাঁধভাঙা জলোচ্ছ্বাস
দীর্ঘদিনের জমা রাখা জলপ্রপাত
হতশ্রী জীবনের করিডোর থেকে
চলে যাবো দূর ছায়াবনে
তোমার ছায়া ভাসে হৃদপিন্ডের অলিন্দে
এ কোন কারুকাজে ভরাও জীবন
তুমি শ্রাবণের বৃষ্টিভেজা মেয়ে
আমি দুরন্ত রাখাল বালক।
তোমার জন্য কতকাল কালক্ষেপণ
চারপাশে সমুদ্রঝড় বয়ে যায়
মাঝপথে দাঁড়িয়ে থাকো তুমি
আমি মাঝি হাল নেই হাতে
ঘোর সমুদ্রদ্বীপে ছায়াহীন অস্তিত্ব তোমার
আমার যত আরাধনা শুধুই তোমার জন্য।