সুখের কাছে যাওয়া আসা
একা একা ভাল্লাগে না
সাঝঘরে আলোকঝাড়ি
হীরের টুকরো চতুর্দিকে।
বাসনার বর্ণমালায়
কুসুমকায়া মায়াবিনী
প্রথমাদের প্রথম প্রবেশ
পরদেশিয়া অভিলাষী।
অন্ধকারে ফুলের গন্ধ
হৃদয়পুরে জটিলতা
অদলবদল বাঘবন্দী
সত্যমিথ্যা দুই দিগন্তে।
সম্পর্কের ভাগাভাগি
শান্তিপর্ব দায়বদ্ধ
চেনামুখে অচেনাসুখ
সাধ-আহ্লাদ হৃদয়ঘ্রাণে।
সাত সহেলির সোহাগনামা
ভালোবাসার রাজপ্রাসাদে
জ্বলেপুড়ে খাক হয়ে যায়
স্বপ্ন-প্রেম-ধ্যান-ধারণা।