চলে গেল বর্ষা ঋতু
ওড়িয়ে মেঘ কালো,
শরত শেষে শীতল আমেজ
রোদ লাগে যে ভালো।
হেমন্তেরই কোমল পরশ
সবুজ শ্যামল মাঠ,
চোখ জুড়ানো সোনার ফসল
শান্ত নদীর ঘাট।
আকাশেতে সাদা মেঘের
হরেক রকম খেলা,
রোদ মেঘের লুকোচুরি
দেখে কাটে বেলা।
বিলের মাঝে শাপলা শালুক
নতুন নতুন ফুল,
মিফতা মনি তুলতে যাবে
বাঁধছে এখন চুল।
শিউলী ফুলের মন মাতানো
ছড়ায় সুবাস গন্ধ,
কবিরা সব লিখতে বসে
খুজে বেড়ান ছন্দ।
সকাল বেলা রোদের ঝিলিক
মিষ্টি মধুর আলো,
বিকেল বেলা হীমেল আমেজ
রোদ লাগে যে ভালো।
হিম বাতাসের কোমল পরশ
সবুজ সুন্দর মাঠ,
শিশু-কিশোর সব শিখতে চায়।
নতুন নতুন পাঠ।
নদী নালা খালে বিলে
শুকায় এখন পানি,
জেলেরা সব ধরছে যে মাছ
খুশিতে জাল টানি।