কী সুন্দর এই রাত যেন স্নিগ্ধ মায়াবী জ্যোৎস্নার
কুমারী চাদরে ঢাকা পড়ে আছে আমার আবাস;
কাশফুল চারদিক, চোখে ছায়া যেন পড়ে কার,
বাসনার বক্ষমাঝে প্রণয়ের তৃষ্ণার্ত প্রকাশ।
দখিনা জানালা খুলে দেখি শিউলি ফোঁটা বাগান
সুপ্রসন্ন হাসি হেসে ফুটে আছে সহস্র সম্ভার;
যেন আজ বাজে মনে সুমধুর কোনো প্রিয় গান
সেতারের তারে তারে প্রায়াসন্ন শব্দের ঝংকার।
স্নিগ্ধতার পূর্ণতায় কেটে যায় এ জ্যোৎস্নার রাত,
শিশিরের ফোঁটা ঝরে সুডৌল সবুজ দূর্বাঘাসে;
হৃদয়ের অন্ধকার ভেঙে ফেলে নীলাম্বরী চাঁদ
ছড়ালো নাচের মুদ্রা ব্যাকুল বাসনার বাতাসে।
যৌবন উঠলো জ্বলে এই নিমীলিত দুই চোখে,
বক্ষের ভেতর বাজে বিশুদ্ধ বাতাসের নূপুর;
স্বর্গ থেকে নেমে এলো প্রেমের দেবতা হাসি মুখে
কামনার শিহরণে বাজায় মনে সিম্ফনি সুর।