বাজারে কিনতে গেলে আমরা খুঁজে নেই সবচেয়ে ভালো আয়না।
কাঁচ আর পেছনের প্রলেপের উপরে আয়নার মান নির্ভর করে।
স্বচ্ছ আর কিছুটা উজ্জ্বল দেখায় এমন আয়নাই আমাদের পছন্দ।
আমাদের ভেতরেও একটি আয়না আছে!
আমরা তা মেলে ধরি বালিশে মাথা রাখার পরে…
অদ্ভুত সে আয়নায় আমরা নিজেদের নিষ্পাপ মুখ দেখি!
দেখতে দেখতে অনেক কিছু ভাবি।
বালিশে মাথা দিয়ে হাউজিং কোম্পানির মালিক
একটি সবুজ মাঠের স্বপ্ন দেখেন।
বড় সাহেব স্বপ্ন দেখেন ব্যাভিচারিকে পাথর ছুঁড়ে মারবেন।
অথচ তার কাজের মেয়েটিকে গত সপ্তাহেই
অ্যাবোরশান করিয়ে এনেছেন।
বাজারের আয়নায় মানুষ চুল আঁচরায়,
মেয়েরা মুখে মেকআপ মাখে, ফিতা ঠিক করে।
বড় সাইজ আয়নার নাম হয় ড্রেসিং টেবিল।
বাজারের আয়নায় তবু কিছুটা মুখ দেখা যায়!
ভেতরে অদ্ভুত আয়না, নিজেকে মানুষ মানুষ লাগে।