রাতের পোশাক খুলে ধবধবে ধুতির মতো চাঁদ আসে পৃথিবীতে, মৃত্তিকার পথ ধরে আদিম পায়ে হেঁটে যায় অনাদিকালের ক্ষুধার্ত শিশিরেরা। ভাটফুলের চিকন নলকে বসন্ত নামে, বসন্ত নামে কচি হোগলা ফুলের ডাঁটায়। পৃথিরীর আঁধার চোখে, চোখ পড়ে যায় উন্মাদ জ্যোৎস্নার।
এরপরে
পৃথিবীর পায়ে- পাখির ডানায় রাত দৌড়ায়, মৃত্তিকার নরম গন্ধে যুবতী জোনাকিরা আসে পৃথিবীর পথে-হারিয়ে যাওয়া পানাম নগরের সন্ধানে।
অনাদিকাল এই পথ ধরে নৈঃশব্দে হেঁটে যাবে মহাকালের সব অন্ধকার। পাখির পালকের মতো ঝরে যায় পৃথিবীর অগণিত রাত।