ভাবছিলাম, এবার নিশ্চিত কিছু হবে,
কিন্তু একে দুমড়িয়ে মুচড়িয়ে ছুঁড়ে ফেলে দিলো দূরে,
শৈবাল আঁকড়িয়ে থাকা পিচ্ছিল ঢালুতে,
অসময়ে এমন ঝটিকা ঝড় এলো।
ভারী বেকায়দায় পড়তে দেখে
হাত না বাড়িয়ে লোকে ইদানীং পা মাড়ায় পটুত্ব দেখায়;
বাতাসকে সঙ্গে নিয়ে ফেলে দেয় ভয়াল অরণ্যে, হিংস্রতার
করুণ কবলে,
রুজ্জুতে লটকিয়ে নাতিদীর্ঘ পরিচয়।
নিচু স্তর থেকে নাকানি চুবানি খেয়ে উঠে এসে
বাঁচতে সামর্থ্য উজাড় করি,
দেখাই, দেয়ালে পিঠ ঠেকে গেলে যা দেখায় অসহায়।
এতদিন পর মনে হলো, কেউ আসছে
তির্যক নয়নে পা বাড়িয়ে –
পিছু হটে যাচ্ছে প্রতিকূল শব্দেরাও।
ফলে, লাভ করি সবুজ সুঘ্রাণ, কান শোনে বাঁচার গুঞ্জন।