কোকিলের কুহু কুহু তানে ভালোবাসার আদ্রতায়
পূর্ণ বাতাস তখন প্রাগঐতিহাসিক যুগে
ছুঁয়ে ছিল তোমার হাতের স্পর্শ
থিরথির জলবুকে বাতাসের মৃদুমন্দ দোল
পাঁজরের শিরায় অনুভূত আকর্ষণ
তোমাকেই আরো কাছে টানে
হাত বাড়িয়ে ছুঁতেও শরমে মরে হিয়া
যখন তুমি নাও টেনে দেহখানি চুরচুর ভাঙ্গা
আর্তি সুবাস জড়িয়ে আমি এক পলকে হারিয়ে যাই
স্বর্গীয় অরণ্যে
যেখানে গন্ধব লতাগুল্ম জড়াজড়ি করে বেড়ে ওঠে
ফুল ফলে প্রেম আলাপনে কুসুমিত সুবাসে
আন্দোলিত অবয়ব আবাহন….
আমি আজো তীর্থের কাক
দৃষ্টি আমার ঐ দিকেই
তুষারকন্যার আয়নায় আমাকেই দেখি বারবার
ফিরে আসা পথিকের পায়ের আওয়াজ শুনি
অপরূপ এক তৃষ্ণায় দিন গুণি
ভালোবাসায় মোহগ্রস্ত তোমাতেই হয়ে আছি বিলীন
অনন্তকাল অপেক্ষায় তুমি আসবে বলে
স্পর্শে লাগবে তখন গ্রহণ।