ঢের হলো ইলেক্ট্রা, তবুও প্রতিশোধ স্পৃহা!
মুকুরে তোমাকে দেখ
ক্লান্ত অবসন্ন দুটি চোখ;
ভেতরে ভেতরে ভেঙে পড়ছো তুমি।
আয়নায় নিজেকেই চোখ ঠেরে আত্মবিশ্বাসী!
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে
নিষ্ঠুরতার হাজারো কাহিনি ;
দৃঢ়তা দেখাতে গিয়ে এতোটাই নির্মম!
প্রলেপে রূঢ়তা ঢাকা পড়েনি।
তোমার চোখের তারায় রাত জাগরণ,
দুঃস্বপ্নের ছায়া, সে-এক ঝুলন্ত তরবারি
রক্তের নদীতে জাহাজ ডুবে যাচ্ছে।
তীরে দাঁড়িয়ে শাপান্তর, কার উদ্দেশ্যে!
আক্রোশ তোমাকে নৃমুণ্ডুমালিনী করেছে!
দেখ, ক্যালিগুলার ছিন্নমস্তক
সিঁড়ি থেকে গড়িয়ে নামছে
রোম পুড়ে যাচ্ছে
নিরোর বাঁশি বাজছে
প্রাকারের বাইরে ক্রমশ শ্বেতাম্বর নারীদের সংখ্যা বাড়ছে।
ইলেক্ট্রা, এখন তোমার অবসর বড় প্রয়োজন ;
প্রয়োজন দীর্ঘতর ঘুম।