কোনোদিন কথা বলা হয় নি
মুখোমুখি বসিনি, চেনাশোনা – রাস্তা ভেবে
দূর ভেবে সরে গেছি
ছায়া ভেবে জল ভেবে গাছেদের কথা ভেবে
ভেবেছি কতদিন বুঝি আমাদের কাছে আসতে নেই,
যে যার নিজের মতো হারিয়ে গিয়েছি রাস্তার বাঁকে।
তোমার আকাশের মাঝে
আমারও যে আকাশ আছে, তাওতো মনে হয়নি
কোনোদিন… তোমার অতৃপ্তির মাঝে আমার তৃপ্তি গুলি
চুন ও খয়েরের গায়ে মেশানো আছে পানে।
আমি যে লিখতে পারিনি এসবও
লিখেছে অন্য কেউ, সেই সব জীবিকা বদ্ধ শবেরা…
প্রাচীন অভিজ্ঞ ঋষিরাও আজ
ভষ্মাধার হাতে নিয়ে কথামুখ ছুঁয়ে আছে…
ভয়ে ভয়ে আমি শিশির দেখি
শিউলি ও সূর্য দেখি
ফের যদি দেখা হয়ে যায়, ফের যদি বিশ্বাস
অবিশ্বাসের প্রশ্ন এসে দাঁড়ায়, ফের যদি…
নিম ও তেঁতুলের দেশে আমাদের বাড়ি ছিল
মহা সড়কের প্রয়োজনে স্কাইস্ক্র্যাপারের প্রয়োজনে,
সে সব আজ বিরল প্রজাতি
অন্যমনস্ক মেঘ এসে থমকে দাঁড়ায়…
কেউ নেই কিছুই থাকে না,
শুধু পড়ে থাকে ছাই আর ছায়া দস্যুরা…
সেই ছায়ার ভেতরে এখনো কেঁপে কেঁপে ওঠে লন্ঠন,
তখনি ছিন্ন হয় অপেরা হাউসের মায়া
আর বিদ্যুতের নিত্য আনাগোনা…