সর্বগ্রাসী বন্যায় আক্রান্ত দেশ। ভেসে গেছে মানুষের ঘরবাড়ি-ফসলের মাঠ-গবাদি পশু, ভেঙে গেছে রাস্তা-ঘাট-কালভার্ট-ব্রিজ, অসহায় মানুষ বাস্তুহারা হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। মানবতাবাদী মানুষ ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে বন্যার্তদের কাছে, যে যেভাবে পারছে সাহায্য করছে, কিন্তু সাজানো সংসার ও ফসলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। প্রান্তিক ও প্রকৃতিনির্ভর মানুষ জীবনের প্রয়োজনে-আয়োজনে আবার সংগ্রামে জয়ী হবে বলেই আমাদের বিশ^াস। হাজার বছর ধরে আমাদের গ্রামীণ সভ্যতা এভাবেই বিকাশ লাভ করেছে।
প্রকৃতির এ-বিনাশী তৎপরতার মাঝেই শরতের আমেজ এসেছে সবখানে। শিউলি ফোটা সকালে সবুজ ঘাসে শিশিরের বিন্দুতে রোদের জ¦লে ওঠা এবং নীলাভ আকাশে সাদা মেঘের সঞ্চরণ অনুভূতিপ্রবণ মানুষের মনে নাড়া দেয়া স্বাভাবিক। শরতের সামগ্রিক বিষয়ে লিখেছেন এমরান কবির ও জুবায়ের মিলন। আশা করি পাঠকের ভালো লাগবে।
বর্তমান বিশ^সাহিত্যে চিনুয়া আচেবে নানা দিক থেকে আলোচিত ও সমাদৃত। আফ্রিকান এই মহান সাহিত্যিকের একটি দীর্ঘ সাক্ষাৎকার আমরা অনুবাদ করে বাংলা ভাষী পাঠকের সামনে হাজির করেছি। পশ্চিমা বিশ^, গণমাধ্যম, রাজনীতি, আফ্রিকান ক্ষুদ্র জাতিসত্তা, ভাষা-ধর্ম, উপনিবেশ, থিংকস ফল অ্যাপার্ট উপন্যাসসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেগুলো জানা অত্যন্ত জরুরি।
আমাদের সাহিত্যে হাসনাত আবদুল হাই একজন শক্তিমান কথাশিল্পী। তিনি আশি বছরে পদার্পণ করেছেন এবং জীবনের সামগ্রিক দিক নিয়ে একটি সরস আত্মবিশ্লেষণমূলক লেখা লিখেছেন যা পড়ে পাঠক মাত্রই উজ্জীবিত হবেন। যুদ্ধবিধ্বস্ত আফ্রিকায় কবিতার সুবাতাস নিয়ে একটি আত্মস্মৃতি লিখেছেন আশরাফ আল দীনÑ আমাদের কাছে নতুন অভিজ্ঞতা নিশ্চয়।
শরৎ সংখ্যায় এই সময়ের সম্ভাবনাময় পাঁচ তরুণের গল্পের আয়োজন করা হয়েছে। পারভেজ আনোয়ার, আসাদুল্লাহ মামুন, সন্তোষ কুমার শীল, হাসান রুহুল ও শিল্পী নাজনীনের গল্পগুলো জীবনের নতুন অভিজ্ঞতার মুখোমুখি করাবে এবং আশা করি পাঠককে তৃপ্তি জোগাবে। সেই সাথে সমকালীন পাঁচজন কবির গুচ্ছ কবিতা নতুন স্বাদের সন্ধান দেবে।
এই সংখ্যা থেকে নতুন উপন্যাস শুরু হচ্ছে: কথাশিল্পী নাজিব ওয়াদুদের ‘পদ্মাপাড়ের উপাখ্যান’। ইতিহাসের ধারায় আমাদের জীবনের ধারাক্রম ও অভিজ্ঞতা অভিনব ভাব ও ভাষায় বাক্সময় হয়ে উঠতে শুরু করেছে এখানে। আগামীতে পাঠককে নিশ্চয় অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।
এছাড়া নিয়মিত বিভাগগুলোয় বৈচিত্র্য থাকছে। ঈদ সংখ্যায় লেখক-পাঠক শ্রেণি যথেষ্ট সাড়া দিয়েছেন। আবারো ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে।
সামনে কোরবানীর ঈদ। আশা করি সকলের ঈদ সুন্দরভাবে সম্পন্ন হবে। সবাইকে ঈদ মোবারক। হ